সংবাদদাতা,বারাবনিঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর এবার রাজ্যের বিভিন্ন এলাকায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার বারাবনিতে এই রকমই এক অনুষ্ঠানে মোট ৫০ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানান হল। এর আয়োজন করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবানি থানা। দোমহানির একটি প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার পাঁচটি স্কুলের ৫০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে ফুলের তোড়া ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, পুলিশ কমিশনারেটের ডিসি (পশ্চিম) সন্দীপ কারারা, এসিপি ঈপ্সীতা দত্ত, বিডিও শিলাদিত্য ভট্টাচার্য এবং বারাবনি থানার ইন্সপেক্টর দিব্যেন্দু মুখার্জি।

এছাড়াও ছিলেন স্থানীয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় বলেন, “গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের এভাবে উৎসাহিত করা তাঁদের ভবিষ্যৎ পথকে আরও উজ্জ্বল করবে। পুলিশ কমিশনারেটের এই প্রয়াস শিক্ষার্থীদের মনে নতুন স্বপ্ন জাগাতে সক্ষম হবে।” তিনি আরও জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কেবল পুরস্কৃতই করছে না বরং সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করছে। সংবর্ধনা পেয়ে খুশি শিক্ষার্থীরা পুলিশের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শিক্ষকরা এই উদ্যোগকে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিমত ব্যক্ত করেছেন।
