সংবাদদাতা,দুর্গাপুরঃ একদিকে ওষুধে ভেজাল আর অন্যদিকে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে জীবন দায়ী ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় একাধিক ওষুধের। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও ক্রমাগত বেড়ে চলেছে। ফলে,সাধারন মানুষ রীতিমতো সমস্যার শিকার হচ্ছে। এই সবের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুর্গাপুরের শংকরপুর এলাকায় এক বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। শংকরপুর মোড় থেকে গ্রাম পর্যন্ত এই মিছিলে অংশ নেন এলাকার বিভিন্ন স্তরের মানুষজন। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের পক্ষে ৭৪৮টি নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির কথা ঘোষনা করা হয়েছে। তারই প্রতিবাদে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় ব্লকে ব্লকে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন,কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বিভিন্ন জীবন দায়ী ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে দাম বাড়ানো হয়েছে তাতে সাধারন মানুষ বড় ধরনের বিপদের মুখে পড়বেন। আমরা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল
