দুর্গাপুরে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে রক্তদান শিবির

সংবাদদাতা,দুর্গাপুরঃ শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন মূলত আধ্যাত্মিক এক সাধক। শ্রী শ্রী রাম ঠাকুরের স্মরণে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তদের আশ্রম। সেই আশ্রমের উদ্যোগে দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু-কানু স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। এখানে মোট ৫৮ জন রক্তদান করেন। সংগ্রহীত রক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালকে প্রদান করা হয়। শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের তরফে জানানো হয়েছে তারা সাধারন মানুষের পাশে থাকতে বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে থাকে। মূমূর্ষ রোগীদের যাতে রক্তের অভাব না হয় সেই লক্ষ্যে প্রতি বছর তারা রক্তদান শিবির করে থাকে। এই কর্মসূচী এবার তৃতীয় বছরে পড়ল। উদ্যোক্তারা জানিয়েছেন,আগামী দিনে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় সাধারন দুঃস্থ মানুষদের জন্য বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করবে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক ও মেয়র অপূর্ব মুখোপাধ্যায়।

এছাড়াও এই অনুষ্ঠানে উদ্যোক্তারা এক যুবককে একটি ট্রাইসাইকেল উপহার দেয়। প্রসঙ্গত,বছর দুই আগে গান্ধী মোড় এলাকায় এক দুর্ঘটনায় যুবকটির একটি পা কাটা যায়। শারীরিক অক্ষমতার কারণে সে বর্তমানে ভিক্ষা করে জীবনযাপন করে। তার এই অবস্থার কথা জানতে পেরে শ্রীরাম ঠাকুর আশ্রমের পক্ষ থেকে তাকে এই ট্রাই সাইকেল দেওয়া হয়। উল্লেখ্য,শ্রীশ্রী রাম ঠাকুরের আশ্রমগুলি থেকে শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা, ধ্যান এবং সেবার প্রসারের জন্য কাজ করা হয়। এই আশ্রমগুলি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত এবং আধ্যাত্মিক শান্তি ও সেবার কেন্দ্র হিসেবে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *