সংবাদদাতা,দুর্গাপুরঃ কদিন আগেই এনআইটি দুর্গাপুরের গবেষনাগারের বিস্ফোরণে মারা গেছেন এক অধ্যাপক। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ ঘটল দুর্গাপুরে। এবারের ঘটনাটি ঘটেছে ইস্পাতনগরী বিজোনের নিউটন এলাকায় ১৭ স্ট্রিটের একটি বস্তিবাড়িতে। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে এলাকার একটা অংশ। চমকে ওঠেন প্রতিবেশীরা। বিরাট শব্দ ও তার সঙ্গে আতর্নাদ শুনে অনেকেই ছুটে আসেন ওই টালির বাড়িতে। সেখানে দেখা যায় বোমার কিছু মশলা ছড়িয়ে রয়েছে এবং মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ঐ বাড়ির বাসিন্দা বছর ত্রিশের সজল দেবনাথ। এলাকার লোকজনেরা জানান,সজল শিক্ষিত কিন্ত নির্দিষ্ট কোনো কাজ না পেয়ে যখন যে কাজ পায় সেটাই করে। ছেলে হিসেবেও সে ভালো বলেই জানিয়েছেন প্রতিবেশীরা। ঘটনার সময় তার স্ত্রী বা আর কেউ বাড়িতে ছিল না। ঘটনার খবর পেয়েই পুলিশ এসে গুরুতর জখম সজলকে প্রথমে ডিএসপি হাসপাতালে এবং পরে তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। কিন্তু, কিভাবে এই বিস্ফোরন ঘটল সেবিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে ওই যুবক বারুদ নিয়ে কোন পরীক্ষা করছিল,সেই সময় এই বিস্ফোরণ ঘটে। বাড়িটিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। জানা গেছে, বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারপরই বোঝা যাবে ওই যুবক ঠিক কি নিয়ে পরীক্ষানিরীক্ষা করছিল।
দুর্গাপুরে বস্তিবাড়িতে বিস্ফোরণ,গুরুতর জখম যুবক
