বাড়িতে মজুত নিষিদ্ধ ওষুধের বিপুল ভাণ্ডার! দুর্গাপুরে ২ লক্ষ ৮৪ হাজার অ্যালপ্রাজোলাম ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার বাড়ির মালিক

সংবাদদাতা, দুর্গাপুর :বসতবাড়ির আড়ালেই মজুত ছিল বিপুল পরিমাণ ওষুধ। পুলিশের অভিযানে উদ্ধার হল ২ লক্ষ ৮৪ হাজার ৪০০টি অ্যালপ্রাজোলাম ট্যাবলেট এবং ২৮৫ বোতল সিরাপ। এই বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনায় দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক সুদীপ কুমার মুখোপাধ্যায়কে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত্রে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বিধান পার্কের সেক্টর-২ এলাকার ১বি/২৭ নম্বর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে বসবাসকারী ৫০ বছর বয়সি সুদীপের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৪৭৪ বাক্স অ্যালপ্রাজোলাম ট্যাবলেট। প্রতিটি বড়ির মাত্রা ০.৫ মিলিগ্রাম। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ২৮.৫ লিটার সিরাপ। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযানে বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে।তবে বসতবাড়িতে এত বিপুল পরিমাণ ওষুধ কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কোথা থেকে এসেছিল এই ওষুধের চালান? এর পিছনে কোনও অসাধু কারবারি চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সামগ্রী কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, সেই সূত্রের সন্ধানেও শুরু হয়েছে পুলিশি অনুসন্ধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *