সংবাদদাতা,দুর্গাপুরঃ দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের সব মানুষকে জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে দেওয়া হবে। সেই ঘোষণার পর রাজ্যের রেশন ব্যবস্থার মাধ্যমে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০ জুন থেকে রাজ্যে এই প্রসাদ বিতরন শুরু হয়। শনিবার থেকে দুর্গাপুরেও দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিলি কর্মসূচী শুরু হল। দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্রসাদ বিলির সূচনা করেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রেশনিং অফিসার প্রশান্ত মহাপাত্র, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি,দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। এদিন গান্ধী মোড়ের কাছে ৩৩ নং ওয়ার্ডের ফরিদপুরে রেশন দোকানে প্রসাদ নিতে প্রচুর মানুষ সকাল থেকেই লাইন দেন। অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, শনি, রবি ও সোম এই তিন দিন দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডে বোরো ভিত্তিক এই মহা প্রসাদ সবাইকে বিতরন করা হবে। ৭৬টি রেশন দোকানের মাধ্যমে ৩৫ হাজার মানুষের কাছে এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে। রেশন ডিলার তনয় মন্ডল জানান, মহাপ্রসাদ নেওয়ার জন্য সকাল থেকেই মানুষের উৎসাহ লক্ষ্য করা গেছে। আমরা সবাইকেই মহাপ্রসাদের প্যাকেট দিয়েছি। উল্লেখ্য, মহাপ্রসাদ হিসেবে প্যাকেটে রয়েছে প্যারা,জিভে গজা একটি করে জগন্নাথ দেবের ছবি।
রেশন ডিলারদের মাধ্যমে দুর্গাপুরে জগন্নাথ দেবের প্রসাদ বিলি
