সংবাদদাতা, দুর্গাপুর : ভোটের আবহে ফের দেওয়াল লিখন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর। ৩৪ নম্বর ওয়ার্ডের গ্যামন কলোনিতে তৃণমূল কংগ্রেসের দেওয়াল চিত্রের উপর বিজেপি প্রার্থীর ব্যানার লাগানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, অনুমতি নিয়েই তৃণমূল ওই দেওয়াল লিখন করেছিল। কিন্তু সোমবার দেখা যায়, সেই চিত্রের উপর দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের ছবি দেওয়া ব্যানার টাঙানো হয়েছে।শাসকদলের দাবি, শুধু ব্যানার লাগানোই নয়, তাদের পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কর্মী রবীন্দ্র কুমার রাম বলেন, “আমাদের দেওয়াল চিত্র দখল করে বিজেপি প্রার্থীর ব্যানার লাগানো হয়েছে। আমাদের পোস্টার ছিঁড়ে গায়েব করে দেওয়া হয়েছে। এসব করে ওরা অশান্তি ছড়াতে চাইছে।”

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি এলাকায় এসে বিজেপি প্রার্থী উস্কানিমূলক মন্তব্য করেছেন। যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে শিল্পাঞ্চলে। তবে এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
