দুর্গাপুরে জাতীয় ক্রীড়া দিবস পালনের সূচনা করলেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ

সংবাদদাতা,দুর্গাপুরঃ “আগামী দিনে ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে”। আগামী ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সিধু কানু স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য এক র্যা লির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ এই কথা বলেন। তিনি বলেন,“ বিশ্বমানের ফুটবল প্রতিযোগিতা এবার কলকাতার বুকে হতে চলেছে। তবে শুধু কলকাতাকে কেন্দ্র করে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নয়,রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও খেলাধুলার পরিকাঠামো তৈরি ও উন্নয়নের উপর জোর দেওয়া হবে”। উল্লেখ্য,কলকাতায় খেলতে আসছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল। এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেন, “এতদিন ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য গলা ফাটানো হয়েছে,এবার সময় এসেছে ভারতবর্ষের জন্য গলা ফাটানোর”। তিনি তার বক্তব্যে পূর্বতন তৃণমূল সরকারেরও সমালোচনা করে বলেন,এতোদিন তারা খেলাধুলাকে অবহেলা যেমন করেছে তেমনই ক্রীড়াক্ষেত্রে নানা দুর্নীতিও হয়েছে। তবে এবার আর খেলাধুলাকে ব্রাত্য রাখা হবে না। প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে নিয়ে আসার পাশাপাশি পরিকাঠামোর উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেছেন,দুর্গাপুরে একাধিক স্টেডিয়াম রয়েছে। এগুলির পরিকাঠামোর উন্নতি করতে হবে। উল্লেখ্য, ক্রীড়াক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং খেলাধুলার প্রতি যুব সমাজকে আরও বেশি উৎসাহিত করার বার্তা নিয়ে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে এই বাইক র্যাৎলি। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল-সহ প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য,
ভারতের বিখ্যাত হকি খেলোয়াড় প্রয়াত মেজর ধ্যানচাঁদের জন্মদিন ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। গত বছর থেকে দুর্গাপুরেও এই দিনটি পালন করা হচ্ছে। এবছর এই বিশেষ দিনটি আরও বড় করে পালিত হবে বলে সিটি সেন্টারের মাঙ্গলিক ভবনে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জানায় জাতীয় ক্রীড়া দিবস উদযাপন কমিটি ২০২৬ এর উদ্যোক্তারা। এদিন সেই ‘জাতীয় ক্রীড়া দিবস’ উদযাপনেরই সূচনা হল মন্ত্রীর উপস্থিতিতে। মাঙ্গলিক অতিথি ভবনে সেই সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষে বিশিষ্ট ক্রীড়াবিদ সীমা দত্ত চ্যাটার্জী জানিয়েছেন, ২৯ আগস্ট সকাল ৭টায় সিধু-কানু স্টেডিয়াম থেকে শহীদ ভগত সিং স্টেডিয়াম পর্যন্ত হবে গ্র্যান্ড স্পোর্টস র্যা লি। শিশু, কিশোর-কিশোরী, ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারি ও ক্রীড়াপ্রেমীরা তাতে অংশগ্রহণ করবে। ওই দিন সকাল ৯টায় শহীদ ভগত সিং স্টেডিয়ামে মূল জাতীয় ক্রীড়া দিবস উদযাপন অনুষ্ঠান হবে। জাতীয় পতাকা উত্তোলন,মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান,মশাল রিলে, কুচকাওয়াজ,প্যারেড,এনসিসি ও স্কুল ব্যান্ডের অংশগ্রহণ এবং বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী থাকবে। এছাড়াও জাতীয় ও রাজ্যস্তরের ক্রীড়াবিদ, প্রবীণ খেলোয়াড়, প্রশিক্ষক ও রেফারিদের সংবর্ধনার পাশাপাশি দুর্গাপুর কৃতী ক্রীড়াবিদ পুরস্কার, উৎকর্ষ পুরস্কার,আজীবন কৃতিত্ব পুরস্কার ও মেজর ধ্যানচাঁদ পুরস্কার প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *