সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের এক অন্যতম ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল এবছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করল। সিটি সেন্টারের সৃজনী হলে আয়োজিত স্কুলের ৫০ তম বর্ষ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর আইআইটির ডিরেক্টর সঞ্জয় কুমার,দুর্গাপুরের মহকুমা শাসক ড.সৌরভ চট্টোপাধ্যায় সহ স্কুলের এডুকেশনাল ট্রাস্টের সম্মানীয় সদস্যরা এবং বিভিন্ন স্কুলের অধ্যক্ষরা। অতিথিদের সংবর্ধনা জানান স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্যরা। অনুষ্ঠানে স্কুল পরিচালনার ক্ষেত্রে আগামী দিনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

স্বাগত ভাষনে স্কুলের অধ্যক্ষা সুতপা আচার্য তার বক্তব্যে বিগত সময় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুলের সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী এস এস সিমরন পৃথ্বিপাল সিং এবং সচিব এস সুখজিন্দর সিং এর প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে এসএসই(দশম শ্রেণী) ও এসএসসিই(দ্বাদশ শ্রেণী)র কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সারা বছর বিভিন্ন ক্ষেত্রে সফল ছাত্রছাত্রীদেরও পুরস্কার প্রদান করা হয়।
