সংবাদদাতা,দুর্গাপুরঃ ১৯৯৯ সালে ২৬ জুলাই পাকিস্তানি সেনাদের পিছু হটিয়ে কার্গিলের চূড়ায় তেরঙ্গা উড়িয়ে ছিল ভারতীয় সেনা বাহিনী। ২৭ বছর আগে তিন মাস চলা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন ৫২৭ জন ভারতীয় সেনা। বীর শহীদদের এই বলিদান ও আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর ২৬ জুলাই দিনটি বিশেষভাবে পালিত হয় সারা ভারতবর্ষে। সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও একাধিক সংস্থার উদ্যোগে ২৬ জুলাই পালিত হল কার্গিল শহীদ দিবস।

এই উপলক্ষ্যে গান্ধী মোড়ের কাছে জাংশন মল চত্বরে এক ভাব গম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল কার্গিল দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্গিল শহীদদের জন্য তৈরী অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। তিনি বলেন,১৯৯৯ সালে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে কার্গিল যুদ্ধে যে সব জওয়ানরা লড়াই করে ভারতবর্ষকে শত্রুর হাত থেকে রক্ষা করেছে ভারতবাসী হিসেবে তাদের সেই লড়াইকে সবসময় কুর্ণিশ জানাই। তাদের পরিবারের প্রতিও আমাদের সম্মান থাকবে। জাংশনের এই অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রাক্তন জওয়ান ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদেরও সম্মান জানানো হয়।বিধায়ক ছাড়াও শহীদ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাংশনের সিইও অভিজিৎ চ্যাটার্জী,সমাজসেবী বিপ্লব চ্যাটার্জী,বিশিষ্ট ব্যবসায়ী রাজ তেওয়ারী সহ অন্যান্য অতিথি।
