নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:-শিল্পনগরী দুর্গাপুরে শুরু হলো রাজ্য সরকারের ১৫ দিনের হস্তশিল্প মেলা। শনিবার বিকেলে সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহার দুর্গাপুর হাটে (পশ্চিমবঙ্গ শিল্প হাট) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের পরিচালনায় এই মেলা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা। দর্শকদের জন্য কোনও প্রবেশ মূল্য রাখা হয়নি।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল

কালাম আজাদ ইসলাম, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দপ্তরের যুগ্ম অধিকর্তা ড. মৌ সেন, জেনারেল ম্যানেজার প্রশান্ত মন্ডল, মহকুমা তথ্য আধিকারিক সায়ন্মিতা মাইতি সহ ডিআইসি দপ্তরের আধিকারিকরা।
এবারের মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৯০ জন শিল্পী অংশ নিয়েছেন। পুরুলিয়ার ছৌ মুখোশ, বাঁকুড়ার টেরাকোটা ও ডোকরা শিল্প, বীরভূমের কাঁথা স্টিচ, বিষ্ণুপুর ও সোনামুখীর বালুচরি শাড়ি, মুর্শিদাবাদ সিল্ক, কোচবিহারের শীতলপাটি, চামড়ার ব্যাগ ও বেতের নানান সামগ্রী মেলার প্রধান আকর্ষণ।

ক্রেতারা সরাসরি শিল্পীদের কাছ থেকে কেনাকাটার সুযোগ পাচ্ছেন। যুগ্ম অধিকর্তা ড. মৌ সেন বলেন, “সারা পশ্চিমবঙ্গের শিল্পীদের নিয়ে এই মেলা সাজানো হয়েছে। ৯০ জন শিল্পী ইতিমধ্যেই তাঁদের পসরা সাজিয়ে বসেছেন। সরকারের তরফে শিল্পীদের টিএ, ডিএ-এর ব্যবস্থা রয়েছে। অতীত অভিজ্ঞতা বলছে, দুর্গাপুর হাটে শিল্পীদের বিক্রি ভালোই হয়। এবারও ভালো সাড়া মিলবে বলে আশা করছি।”
দপ্তরের পক্ষ থেকে দুর্গাপুরবাসীকে প্রতিদিন মেলায় এসে হস্তশিল্পীদের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।
