দুর্গাপুর: ছটপুজোকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই নিরাপত্তার প্রস্তুতি শুরু করল জেলা প্রশাসন ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। জেলার বিভিন্ন ছটঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে নামলেন জেলাশাসক ও পুলিশ কমিশনার-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কের জলাশয়ে প্রতি বছর ছটপুজো উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। সেই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে রবিবার পার্ক সংলগ্ন এলাকা ও জলাশয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার এবং জেলাশাসক পন্নামবলাম এস। তাঁদের সঙ্গে ছিলেন ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং, ডেপুটি কমিশনার (ট্রাফিক) যাদব ভীমরাও অবিনাশ-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শন শেষে জেলাশাসক জানান, ছটপুজো উপলক্ষে জলাশয়গুলিতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিপজ্জনক স্থানগুলিতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হবে। পাশাপাশি স্পিডবোট ও নৌকার মাধ্যমে জলাশয়ে নজরদারি চালানো হবে। আকাশপথে পরিস্থিতির উপর নজর রাখতে ব্যবহার করা হবে ড্রোনও।
প্রশাসনের লক্ষ্য, উৎসবের আনন্দে যেন কোনওভাবেই ছেদ না পড়ে। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেট যৌথভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। ছটপুজোর আগে থেকেই নিরাপত্তার এই তৎপরতায় স্পষ্ট, এবার ভিড় সামলানো থেকে জলাশয়ের নিরাপত্তা—প্রতিটি ক্ষেত্রেই বাড়তি সতর্ক প্রশাসন।
