দুর্গাপুর: গভীর রাতে আচমকাই আগুনের গ্রাসে চলে গেল দুর্গাপুরের বিডিও অফিস মোড়ের অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা দোকানে। দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।দোকানের মালিকের বক্তব্য অনুযায়ী, গতকাল মধ্যরাতে প্রথমে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মচারীরা। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারেও আগুন ধরে যায়। এরপর সিলিন্ডার ফেটে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারাও।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে দোকানের ভিতরে থাকা মিষ্টি তৈরির সরঞ্জাম-সহ অন্যান্য সামগ্রী। প্রাথমিক অনুমান, এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা মনে করা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও, ঘনবসতিপূর্ণ এলাকায় দোকানে আগুন এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বড়সড় বিপর্যয়ের আশঙ্কা! মধ্যরাতের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকা। তবে চোখের সামনে ব্যবসার সমস্ত সম্বল পুড়ে ছাই হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে মিষ্টির দোকানের মালিক।
