ছটপুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দুর্গাপুরের একাধিক ছটঘাট পরিদর্শন পুলিশ-প্রশাসনের…

দুর্গাপুর: ছটপুজোকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগেভাগেই তৎপর হল পুলিশ ও প্রশাসন। ছটপুজোর আগে দুর্গাপুরের একাধিক বড় ছটঘাট পরিদর্শন করলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

এদিন দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ ছটঘাট ঘুরে দেখেন তাঁরা। ঘাটগুলির সার্বিক পরিস্থিতি, পুণ্যার্থীদের যাতায়াতের রাস্তা, নিরাপত্তা ব্যবস্থা এবং পুজোর সময় ভিড় নিয়ন্ত্রণের বিষয়গুলি খতিয়ে দেখা হয়। পাশাপাশি ছটপুজো কমিটিগুলির সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ঘাটে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, পুণ্যার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয় এবং জলাশয়ে নামার ক্ষেত্রে নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়, সেই বিষয়ে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, গত বছরগুলির মতো এবারও ছটপুজো উপলক্ষে ঘাটগুলিতে জোরদার নিরাপত্তার ব্যবস্থা থাকবে। শুধু ঘাটের পাড়েই নয়, জলাশয়ের ভিতরেও নজরদারি চালানো হবে। সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জলপথেও নজরদারির ব্যবস্থা রাখা হবে।

ভিড় সামলানো থেকে শুরু করে যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা প্রস্তুত থাকবেন। এদিন পরিদর্শন শেষে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং এবং দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল জানান, বিগত বছরগুলিতে যেভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, এবারও একইভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঘাটগুলিতে পুলিশের কড়া নজরদারি থাকবে। সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি জলপথেও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *