পূর্ব বর্ধমানে ২৪টি গ্যাস সিলিন্ডার চুরির কিনারা, ওসি লাল্টু পাখিরার নেতৃত্বে বড় সাফল্য বুদবুদ থানার পুলিশের

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের শালডাঙায় গ্যাসের গোডাউন থেকে ২৪টি গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল বুদবুদ থানার পুলিশ। ওসি লাল্টু পাখিরার নেতৃত্বে মাত্র কয়েকদিনের মধ্যেই চুরি যাওয়া সমস্ত সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ অক্টোবর রাতে শালডাঙার একটি গ্যাসের গোডাউন থেকে ২৪টি গ্যাস সিলিন্ডার চুরি যায়। পরদিন গোডাউনের মালিক বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বুদবুদ থানার পুলিশ।


তদন্তে নেমে গত ২০ অক্টোবর শালডাঙা এলাকা থেকে তিনজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে প্রথম দফায় ১২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে পুলিশ জানতে পারে, বাকি ১২টি গ্যাস সিলিন্ডার লুকিয়ে রাখা হয়েছে গলসি থানার ইরকোনা গ্রামে। সেই সূত্র ধরে ইরকোনা গ্রামে অভিযান চালিয়ে বাকি ১২টি সিলিন্ডারও উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ। ফলে চুরি যাওয়া ২৪টি সিলিন্ডারই উদ্ধার করা সম্ভব হয়েছে।পুলিশ জানিয়েছে, ধৃত তিন অভিযুক্তকে আজ ফের আদালতে তোলা হয়েছে। এই চুরির ঘটনার পিছনে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওসি লাল্টু পাখিরার নেতৃত্বে বুদবুদ থানার পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *