সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরে এবার অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৪ সর্বভারতীয় পর্যায়ের বাস্কেটবল প্রতিযোগিতা। পশ্চিম বর্ধমান জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট,অ্যালয় স্টিল প্ল্যান্ট ও পিএসপি পরিবারের সহযোগিতায় ২৭ থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত এএসপি স্টেডিয়ামে সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৪) ছেলে ও মেয়েদের জন্য অল ইন্ডিয়া স্টিল সিটি ইনভাইটেশন বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে। সোমবার এ্যালয় স্টিল প্লান্ট স্পোর্টস কমপ্লেক্সে এবিষয়ে এক সাংবাদিক সম্মেলনে চ্যাম্পিয়নশিপ সংক্রান্ত সকল বিষয়ের বিস্তারিত জানান উদ্যোক্তারা।

এই চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ১৪ টি দল অংশগ্রহণ করবে। ৭টি ছেলেদের ও ৭টি মেয়েদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া সংগঠনের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তারা। এই চ্যাম্পিয়নশিপে প্রায় ২৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের হাইলাইটস সম্প্রচার এবং প্রচারের জন্য শিল্পাঞ্চল তথা আশেপাশের জেলার সমস্ত সামাজিক মাধ্যম ও গণমাধ্যমের কাছে আবেদন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। উদ্যোক্তারা জানান,এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
