এবার হাইড্রোলিক সিস্টেমে প্রতিমা বিসর্জন

সংবাদদাতা,দুর্গাপুরঃ পালা বদলের বাংলায় এবার পবিত্রতার সঙ্গে দূর্গা প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আগের মতো আর ক্রেন নয়,এবার প্রতিমা বিসর্জনের জন্য বিশেষ হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হচ্ছে। বিজয়া দশমীর আগে দুর্গাপুর ব্যারেজে এই ব্যবস্থা ও নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে বিসর্জন ঘাট পরিদর্শন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার,ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং,জেলা শাসক এস পুন্নমবলম,

বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,পুর কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, দুর্গাপুরের মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিসর্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই প্রস্তুতি খতিয়ে দেখে নেয় প্রশাসন। দুর্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিসর্জন ঘাটে প্রতি বছরই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে ভিড় জমে।পুজো কমিটির প্রতিমা বিসর্জনের পাশাপাশি বহু সাধারন মানুষও উপস্থিত হন। ফলে বিসর্জনের সময় যান চলাচল নিয়ন্ত্রণ,ভিড় সামলানো এবং জলাশয়ের কাছে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই কথা মাথায় রেখেই বিজয়া দশমীর আগে ঘাটের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *