সংবাদদাতা,দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দুর্গাপুজো শেষ হওয়ার পরই রাজ্যের থানাগুলিতে সর্বস্তরের মানুষদের নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা চলছে। তারই অঙ্গ হিসেবে ইস্পাতনগরীর এজোনের পালকি ভবনে দুর্গাপুর থানার উদ্যোগে আয়োজিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। দুর্গাপুর থানার আধিকারিক মানব ঘোষের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের দুই বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই ও

চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব কুন্ডু,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় এবং পুলিশের অন্যান্য আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ। পুলিশের পক্ষ থেকে সকলকে বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পুজোর দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলে যেভাবে পুলিশকে সহযোগিতা করেছেন, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। দুই বিধায়ক তাদের বক্তব্যে পুজোর দিনগুলি শান্তি ও শৃঙ্খলার মধ্যে কাটানোর জন্য পুলিশ আধিকারিক ও কর্মীদের কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে আগত সকলের জন্য দুপুরে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছিল থানার পক্ষ থেকে। খাওয়া-দাওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি এক মিলনমেলার চেহারা নেয়।
