নিজস্ব সংবাদদাতা, বুদবুদ:-সড়ক নিরাপত্তা ও দায়িত্বশীল নাগরিকত্ব দিবস উপলক্ষে মঙ্গলবার বুদবুদ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সচেতনতা র্যালির আয়োজন করা হলো। বুদবুদ ট্রাফিক গার্ডের ওসি প্রশান্ত মাঝির নেতৃত্বে এই র্যালিটি অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার তিলডাঙ্গা থেকে শুরু হয়ে বুদবুদ বাজার পর্যন্ত এই সচেতনতা র্যালিটি পরিক্রমা করে। র্যালি থেকে সাধারণ মানুষ ও গাড়ি চালকদের পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়।

র্যালিতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে হাঁটেন ট্রাফিক বিভাগের আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা। প্ল্যাকার্ডে লেখা ছিল – “হেলমেট পরুন, জীবন বাঁচান”, “সিটবেল্ট বাঁধুন, সুরক্ষিত থাকুন”, “মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না” – এর মতো সচেতনতামূলক বার্তা। এদিন দুই চাকা ও চার চাকার গাড়ির চালকদের হেলমেট ও সিটবেল্ট পরে গাড়ি চালানোর জন্য বিশেষভাবে আবেদন জানানো হয় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক নিয়ম মেনে রাস্তা পারাপার করার জন্য অনুরোধ করা হয়। ওসি প্রশান্ত মাঝি জানান, সাধারণ মানুষকে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করাটাই ছিল এই র্যালির মূল উদ্দেশ্য। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ম মেনে চলা যে কতটা জরুরি, সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শুধু জরিমানা নয়, সচেতনতার মাধ্যমেই দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করছে বুদবুদ ট্রাফিক গার্ড।
এদিনের এই র্যালিতে বুদবুদ ট্রাফিক গার্ডের সকল আধিকারিক, সিভিক ভলান্টিয়ার সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
