বাস থেকে নামার সময় পকেটমারির অভিযোগ, গান্ধী মোড়ে হাতেনাতে ধৃত ব্যক্তি

দুর্গাপুর : দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় বাস থেকে নামার সময় পকেটমারির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেললেন যাত্রীরা। জানা গিয়েছে, রানীগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেট থেকে প্রায় ৩ হাজার টাকা বের করে নেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে।অভিযোগকারীর দাবি, বাস থেকে নামার সময় তাঁর পরিবারের সদস্যরা ঠিক পিছনেই ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি পিছন থেকে এসে তাঁর পকেট থেকে টাকা বের করে নেন বলে অভিযোগ। বিষয়টি বুঝতে পেরেই তিনি বাসের অন্যান্য যাত্রীদের সাহায্যে অভিযুক্তকে ধরে ফেলেন। হাতেনাতে ধরা পড়ার পর তাঁর কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে বলেও জানা যায়।

খবর পেয়ে গান্ধী মোড় এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছন। পরে খবর দেওয়া হয় ফরিদপুর ফাঁড়িতে। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। টাকা উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অভিযোগকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *