রাজনীতির গণ্ডি ছাড়িয়ে মানবিক উদ্যোগ

বিধান চন্দ্র গাঙ্গুলী,দুর্গাপুর : বড়দিনের আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগে শামিল হলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। বৃহস্পতিবার বড়দিনের প্রাক্কালে রাজনীতির ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে দুর্গাপুরে হঠাৎই সান্টা ক্লজের সাজে রাস্তায় নামতে দেখা যায় তাঁকে। মন্ত্রীর এই অপ্রত্যাশিত রূপ দেখে প্রথমে বিস্মিত হলেও, মুহূর্তের মধ্যেই উচ্ছ্বাসে ভরে ওঠে আশপাশের এলাকা।হাতে ঝুলি নিয়ে সান্টা সেজে মন্ত্রী ঘুরে বেড়ান শহরের বিভিন্ন বস্তি এলাকা ও স্টিল টাউনশিপে। কচিকাচাদের হাতে তুলে দেন চকলেট, কেক ও বিস্কুট। সান্টাকে কাছে পেয়ে খুশিতে মেতে ওঠে শিশুরা। ছোটদের সঙ্গে কথা বলেন মন্ত্রী, শুভেচ্ছা জানান বড়দিনের।

মন্ত্রী জানান, “বড়দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা ও ভাগ করে নেওয়ার বার্তা বহন করে। সেই বার্তাকেই বাস্তবে রূপ দিতেই তাঁর এই উদ্যোগ। রাজনীতির ব্যস্ততার মধ্যেও শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।”বড়দিনের প্রাক্কালে সান্টা ক্লজের বেশে মন্ত্রীর এই উপস্থিতি শুধু শিশুদের আনন্দই দেয়নি, সমাজে মানবিকতার এক শক্তিশালী বার্তাও পৌঁছে দিয়েছে। ক্ষমতা বা পদ নয়, ভালোবাসা ও সহমর্মিতাই যে উৎসবের আসল অর্থ , দুর্গাপুরে সান্টা সেজে রাস্তায় নেমে সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *