সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীতে রদবদল। অনিন্দিতা মুখোপাধ্যায়কে যথারীতি প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সেন পদেই বহাল রাখা হয়েছে। তবে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে এবার ভাইস চেয়ারপার্সেন করা হল ধর্মেন্দ্র যাদবকে। অমিতাভ অবশ্য দীপঙ্কর লাহা ও রাখী তেওয়ারীর সঙ্গে প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে থেকে গেছেন। উৎসবের মরশুম শেষ হতেই দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই প্রশাসনিক রদ বদলের সরকারী সিদ্ধান্ত নভেম্বর মাসের প্রথম দিনই ঘোষনা করা হয়েছে।

উল্লেখ্য,২০১৭ সালে দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় এবং শাসক দল তৃণমূল কংগ্রেস ৪৩টি আসনেই জয়লাভ করে পুরসভা পরিচালন বোর্ড দখল করে। কিন্তু তারপর থেকে আর এখানে নির্বাচন হয়নি। ২০২২ সাল থেকে এই পুরসভা পরিচালনার জন্য পাঁচজনের প্রশাসনিক বোর্ড গঠন করে দেওয়া হয়,যার মুখ্য প্রশাসক হলেন প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় এবং বাকি চার সদস্য ছিলেন অভিতাভ বন্দ্যোপাধ্যায়, ধর্মেন্দ্র যাদব,দীপঙ্কর লাহা ও রাখী তেওয়ারী। নতুন সরকারী বিজ্ঞপ্তিতে ফের একবার এদেরকেই পুর প্রশাসনের দায়িত্বে রাখা হল।
