বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর: ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বর্ণময় ‘দুর্গাপুর উৎসব’। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করল দুর্গাপুর উৎসব কমিটি। তৃতীয় বছরে পা রাখা এই জনপ্রিয় উৎসবে থাকছে বিশেষ চমক, এবার হাজির থাকবেন আন্তর্জাতিক শিল্পীরাও, যা উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে জানান আয়োজকরা।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃনমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল-সহ দুর্গাপুর উৎসব কমিটির কর্মকর্তারা।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,
“তৃতীয় বছরে পদার্পণ করতে চলেছে এই উৎসব। বড়সড় চমক থাকছে। মেলা বসবে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। দুর্গাপুরের মানুষের মন জয় করে নেবে এই উৎসব।”
তৃতীয় বর্ষে আরও বৃহত্তর আয়োজনে এগিয়ে আসছে দুর্গাপুর উৎসব। আন্তর্জাতিক শিল্পীদের উপস্থিতি থেকে শুরু করে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে ১০ দিন দুর্গাপুরবাসীর জন্য হয়ে উঠতে চলেছে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা। শহরের মানুষের প্রত্যাশা এবারের উৎসব আগের দু’টি বছরের সাফল্য ছাপিয়ে নতুন মাত্রা ছুঁয়ে যাবে।
তৃতীয় বছরে আরও বড় আকারে দুর্গাপুর উৎসব
