সংবাদদাতা,দুর্গাপুরঃ একদিনের ব্যবধানে পশ্চিম বর্ধমান জেলার দুই বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পান্ডবেশ্বর কেন্দ্রের প্রার্থী নরেন চক্রবর্তীর সমর্থনে লাউদোহায় সভা করার পর শনিবার রানীগঞ্জ বিধানসভার প্রার্থী কালোবরণ মন্ডলের সমর্থনে খান্দরা ফুটবল মাঠে নির্বাচনী জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লাউদোহার মতোই এই সভা থেকেও তিনি বিজেপি,কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। এদিন তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের উপর রীতিমতো রণংদেহি রুপে আক্রমন করেছেন। সভায় ভাষণে তিনি বলেন,ওরা বাংলা টার্গেট করেছে। আমি দিল্লি টার্গেট করছি। বিজেপিকে সরাতেই হবে। এরা গোটা দেশটাকে বিক্রি করছে। এসআইআর ও ভোটার তালিকা নিয়ে আবারও নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন তিনি।

ধসপ্রবণ রানিগঞ্জ এলাকায় সভা করতে এসে এখানকার বিপদে থাকা মানুষের উদ্দেশ্যে বলেন, ইতিমধ্যে প্রায় ৭০০ কোটি টাকা খরচ করে ৬ হাজার ফ্ল্যাট তৈরি করেছি। আরও ৪ হাজার ফ্ল্যাট তৈরি হচ্ছে। তিনি এবিষয়ে সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, আমি মা,ভাই,বোনেদের কাছে অনুরোধ করছি,মনে রাখবেন মানুষের জীবন সবচেয়ে বেশি দামি। একটা নয়,দু’টো করে ফ্ল্যাট রাজ্য সরকার আপনাদেরকে দেবে। যদি আপনার শিফট করতে চান,সেই শিফটিংয়ের খরচও আমরা দেব। এই ক্ষেত্রে মোট ১০ লক্ষ টাকা করে খরচ ধরা হয়েছে।

রঘুনাথগঞ্জে রামনবমীতে অশান্তির জন্য তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করে অভিযোগ তুলে বলেছেন,অফিসারদের সরিয়ে দাঙ্গা করিয়েছে বিজেপি ও নির্বাচন কমিশন। এদিন সভামঞ্চে প্রার্থীদের ডেকে পরিচয় করানোর সময় জামুড়িয়ার প্রার্থী হরেরাম সিং কে তাঁর ছেলের কার্যকলাপ নিয়ে তাকে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য সভায় হরেরামকে সরাসরি মমতা বলেন, “তোমার ছেলে যেন লাল লাইটের গাড়ি ব্যবহার না করে। আমি এখন থেকে সতর্ক করলাম”।
