বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বেনাচিতি গুরুদুয়ারা জগত সুধার-এর উদ্যোগে আয়োজিত হল এক বৃহৎ রক্তদান শিবির। সকাল থেকেই রক্তদাতাদের উৎসাহী উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মহকুমা হাসপাতালের ১০০ শয্যার নতুন ভবন। এদিনের রক্তদান শিবিরে মহিলা-সহ মোট ২০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। মূলত এই উদ্যোগে একধাপ শক্তিশালী হলো হাসপাতালের রক্তভাণ্ডার। শুধু রক্তদান নয়, এদিন বেনাচিতি গুরুদুয়ারা জগৎ সুধার কমিটির আর্থিক সহযোগিতায় দুর্গাপুর হাসপাতালে অত্যাধুনিক এন্ডোস্কপি ইএনটি মেশিন বসে। অত্যাবশ্যক এই যন্ত্রপাতি যোগ হওয়ায় হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত হবে বলে মনে করছেন চিকিৎসক মহল।

এছাড়াও এদিন পুরনো হাসপাতাল ভবন থেকে নতুন ১০০ শয্যার কোভিড ভবন পর্যন্ত সংযোগকারী রাস্তার ওপর সেড নির্মাণের শিলান্যাসও সম্পন্ন হয়। এর ফলে রোগী, রোগীর পরিজন ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে আরও স্বাচ্ছন্দ্য আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, হাসপাতালের সুপার ধীমান মণ্ডল সহ বিশিষ্টজনেরা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান, ” হঠাৎ রক্ত সংকটের জেরে রক্তের চাহিদা পূরণ করতেই আজ গুরুদুয়ারা জগৎ সুধার সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে একটি ইএনটি মেশিন প্রদান করা হয়। এইজন্য আমরা সংগঠনের প্রতি কৃতজ্ঞ। রক্ত সংকটের কথা মাথায় রেখেই আগামীদিনে বেনাচিতি গুরুদুয়ারা, বেনাচিতি মসজিদ মহল্লায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

আর কয়েকদিনের মধ্যেই এডিডিএ’র পক্ষ থেকে হাসপাতালের পুরোনো ও নতুন ভবনের সংযোগের আচ্ছাদন দেওয়া রাস্তা নির্মাণ করা হবে।” দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে আগামীদিনে হাসপাতালে পৃথক ব্লাড কম্পোনেড ইউনিট নির্মাণ, হাসপাতালের পুরোনো থেকে নতুন ভবনের সংযোগের রাস্তা নির্মাণ, বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন সহ একাধিক জনকল্যাণমূলক কাজের ঘোষণা করা হয়। এরই পাশাপাশি দুর্গাপুরে একটি মেডিক্যাল কলেজ গড়ার প্রস্তাব রাখা হয়।” দুর্গাপুর মহকুমা হাসপাতালে আয়োজিত এই মেগা রক্তদান শিবির শুধু রক্তসংগ্রহের ক্ষেত্রেই নয়, হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো। গুরুদুয়ারার অর্থনুকূল্যে আধুনিক যন্ত্রপাতি এবং সেড নির্মাণের শিলান্যাস সব মিলিয়ে স্বাস্থ্যপরিষেবা উন্নয়নে এই দিনটি হয়ে রইল এক তাৎপর্যপূর্ণ মাইলফলক।
