বিধান চন্দ্র গাঙ্গুলী,দুর্গাপুর:— রবিবার মামরা বাজারে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে দুর্গাপুর নগর নিগমের ৩ নং বোরো এলাকায় মোট ২৯টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পান্নাভালাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা দীপেন মাজি সহ বিভিন্ন বিশিষ্টজনেরা।

সাংসদ কীর্তি আজাদ জানান, ” আমাদের পাড়া আমাদের সমাধান এই মহৎ উদ্যোগের মাধ্যমে জনসাধারণ তাদের প্রয়োজনীয় প্রকল্প বেছে নেন এবং মুখ্যমন্ত্রী সেই প্রকল্পে নিবেশ করেন। সেই অনুযায়ী আজ এখানে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস হল। কিছু কিছু প্রকল্পের কাজ চলছে, তা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে।” স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিনের বহু প্রয়োজনীয় কাজের বাস্তবায়নে এই শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাস্তা, আলো, নিকাশি সহ নানা পরিকাঠামোগত প্রকল্পের সূচনা স্থানীয়দের মধ্যে বাড়িয়েছে আশাবাদের সঞ্চার।

জেলাশাসক পান্নাভালাম এস জানান, “পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ ‘ আমাদের পাড়া আমাদের সমাধান ‘ অনুযায়ী দুর্গাপুর নগর নিগমের বেশ কিছু প্রকল্পের শিলান্যাস হল এবং কিছু প্রকল্পের ঘোষণা করা হল। দুর্গাপুর নগর নিগমের ৫৯৮ টি বুথের মধ্যে ৫৫০ টিআই বুথের এস্টিমেট হয়ে গেছে এবং ১৩০০ প্রকল্পের মধ্যে ৬০০ র ওপরে প্রকল্পের অনুমোদন পেয়ে গেছে। ১০০ টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আশা করি জানুয়ারির মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।” ‘ আমাদের পাড়া আমাদের সমাধান ’ প্রকল্পের মাধ্যমে প্রশাসন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, এটাই যেন এই শিবিরের মূল বার্তা। ২৯টি প্রকল্পের শিলান্যাসের মধ্য দিয়ে দুর্গাপুরের ৩ নম্বর বোরো এলাকায় নতুন উন্নয়ন অধ্যায় শুরু হল। ভবিষ্যতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়নই হবে এর সবচেয়ে বড় সফলতা।
