বিধান চন্দ্র গাঙ্গুলী দুর্গাপুর : কাঁকসার বামুনাড়া ভট্টাচার্য পুকুর সংলগ্ন জঙ্গলঘেরা এলাকায় শনিবার গভীর রাতে একটি বিলাসবহুল চারচাকা গাড়ি পুড়ে যাওয়াকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। নির্জন পুকুরপাড়ে আচমকা আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কাঁকসা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই গাড়িতে থাকা ব্যক্তিরা অন্ধকারের সুযোগ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।আগুনে গাড়িটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থল থেকে গাড়ির ভেতরে একটি ফাঁকা টিফিন বক্স উদ্ধার হয়েছে, যা রহস্য আরও ঘনীভূত করেছে।

পুলিশ সূত্রে খবর, গাড়ির নাম্বার প্লেট দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেটি বাঁকুড়া জেলার। তাই প্রশ্ন উঠছে, বাঁকুড়ার গাড়ি কেন গভীর জঙ্গলের মধ্যে আনা হয়েছিল?এটি কি পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে, নাকি দুর্ঘটনা? গাড়িতে থাকা ব্যক্তিরাই বা কারা, আর তারা কেন পালাল? ফাঁকা টিফিন বাক্সের সঙ্গে কি কোনও অপরাধের যোগসূত্র রয়েছে?ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে ফরেনসিক তদন্তের দিকেও নজর দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।নির্জন জঙ্গল, গভীর রাত, পুড়ে যাওয়া বিলাসবহুল গাড়ি আর রহস্যজনকভাবে পালিয়ে যাওয়া যাত্রীরা, সব মিলিয়ে কাঁকসার বামুনাড়ার এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্নের উত্তর এখনও অজানা। তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। পুলিশি অনুসন্ধানেই স্পষ্ট হবে, এটি নিছক দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে কোনও বড় রহস্য।
