সংবাদদাতা , দুর্গাপুর : শনিবার দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে ফাইনাল পর্বের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হলো ৫১তম ন্যাশনাল উইমেন্স চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫। জাঁকজমকপূর্ণ এই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুরের ক্রীড়ার ইতিহাসে যুক্ত হলো আরও এক গৌরবময় অধ্যায়।
দেশজুড়ে নারী দাবাড়ুদের সর্বোচ্চ স্তরের এই প্রতিযোগিতার শেষ দিনে উপস্থিত ছিলেন আইন বিচার বিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, ছিলেন ক্রীড়া প্রশাসনের শীর্ষ কর্তারা ও একাধিক বিশিষ্ট অতিথি। সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। এদিনের অনুষ্ঠান আলোকিত হয় কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, সুব্রত চট্টোপাধ্যায়-সহ দাবা জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের গৌরবময় উপস্থিতিতে।

উল্লেখ্য, চলতি মাসের ৩ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলা এই জাতীয় স্তরের টুর্নামেন্টে দেশের ২৪টি রাজ্য ও ৩টি সর্বভারতীয় দাবা সংস্থার ইউনিট থেকে মোট ১৪২ জন মহিলা দাবাড়ু অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ থেকে অংশ নেন ১৮ জন প্রতিযোগী। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল ৩০ লক্ষ টাকা। টুর্নামেন্টের আয়োজক ছিল সারা বাংলা দাবা সংস্থা এবং সহযোগিতায় ছিল পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থা ও অল স্পোর্টস ফাউন্ডেশন।

ফাইনালে প্রথম স্থান অধিকার করেন তামিলনাড়ুর নন্দিধা পিভি, দ্বিতীয় স্থান অধিকার করেন গোমস ম্যারি আন এবং তৃতীয় স্থান অধিকার করেন ত্রিপুরার আর্শিয়া দাস। জাতীয় স্তরের এই প্রতিযোগিতার সফল আয়োজন প্রমাণ করে দুর্গাপুর শুধু শিল্পশহরই নয়, ক্রীড়া ও মেধাভিত্তিক খেলাধুলার ক্ষেত্রেও ক্রমশ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। ভবিষ্যতে আরও জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা রেখে গেল এই চ্যাম্পিয়নশিপ।
