সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ ইভেন্ট হিসেবে রাখা হয়েছিল ৩ কিমি ও ৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। দুর্গাপুর ছাড়াও পার্শ্ববর্তী এলাকার ১৮টি স্কুলের প্রতিযোগীরা এখানে অংশ নেয়। এই ম্যারাথনে ছাত্রছাত্রীদের পাশাপাশি অনেক অভিভাবকরাও অংশ নিয়েছিলেন।

সব বয়সের প্রতিযোগিরা যাতে এই ইভেন্টে অংশ নিতে পারে তার জন্য মোট চারটি আলাদা বিভাগ করা হয়েছিল। ম্যারাথন চলাকালিন প্রতিযোগীদের কেউ অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার জন্য মেডিকেলের ব্যবস্থার সঙ্গে নিরাপত্তার দিকেও নজর রাখা হয়েছিল। স্কুলের ব্যবস্থাপনায় খুশি হয়েছেন অভিভাবকরা। রবিবার ছুটির দিনে উৎসবের আবহে এই ক্রীড়ানুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী,অভিভাবক ও শিক্ষকশিক্ষিকাদের মধ্যেও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা শেষে চারটি বিভাগের সফল প্রতিযোগিদের ট্রফিসহ সার্টিফিকেট দেওয়া হয়।

স্কুলের অধ্যক্ষা সুতপা আচার্য জানান,বর্তমানে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা মোবাইলে গেম সহ অন্যান্য বিষয়ে আশক্ত হয়ে পড়ছে। তারা যাতে সেই প্রবনতা থেকে সরে এসে খেলাধূলায় মনোযোগী হতে পারে,সেই লক্ষ্যেই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান,আগামী দিনেও স্কুলের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ বজায় থাকবে।
