পুলকারে বেপরোয়া চলাচল রুখতে কড়া নজরদারি পুলিশের,

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর:- পুলকারে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পার্সোনাল গাড়িকে বেআইনিভাবে পুলকার হিসেবে ব্যবহার করলে ৩১ জানুয়ারির পর আর কোনওরকম রেহাই দেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী। তাঁর স্পষ্ট বার্তা, শিশুদের জীবন নিয়ে কোনওরকম ঝুঁকি বরদাস্ত করা হবে না।
দুর্ঘটনা রুখতে এবং পুলকার ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতে প্রতিটি স্কুলে গঠন করা হবে স্কুল রোড সেফটি কমিটি। এই কমিটিতে থাকবেন স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি, অভিভাবক, ট্রাফিক পুলিশের আধিকারিক এবং পুলকার মালিক বা চালকেরা। সকলের সম্মিলিত দায়িত্বেই পড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি ইংরাজী মাধ্যম স্কুলে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অভিভাবক, পুলকার মালিক ও চালকেরা।
মূলত উলুবেড়িয়ায় সাম্প্রতিক পুলকার দুর্ঘটনায় তিন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর রাজ্য জুড়ে যে কড়া নির্দেশিকা জারি হয়েছে, সেই প্রেক্ষিতেই এই বৈঠক ও প্রশাসনিক তৎপরতা।

ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী জানান, পুলকার চালনার ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বিশেষ করে ওভারলোডিং, বৈধ কাগজপত্রের অভাব, অযোগ্য চালক ও গাড়ির ফিটনেস সংক্রান্ত বিষয়ে কড়া নজরদারি চলবে।স্কুল পড়ুয়াদের নিরাপত্তা কোনওভাবেই আপসের বিষয় নয়, এই বার্তাই স্পষ্টভাবে দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও পুলকার মালিকদের যৌথ উদ্যোগেই রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরবে বলে আশাবাদী পুলিশ। নিয়ম মানলেই নিরাপদ যাত্রা, এই সচেতনতা ছড়িয়ে পড়লেই ভবিষ্যতে এমন দুর্ঘটনা অনেকটাই রোখা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *