গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর:— গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্গাপুরে। সোমবার দুপুরে দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় আচমকাই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে একটি বাড়ি, যা সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে যায়।এই ঘটনায় সুশান্ত দে নামে এক ব্যক্তি অল্পবিস্তর অগ্নিদগ্ধ হন। স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস লাইনের পাইপলাইন ফেটে যাওয়ার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। ১৬ নং ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা সুশীল চ্যাটার্জী জানান,”ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একটি গ্যাস সিলিন্ডার ও একটি ফ্রিজ দাউদাউ করে জ্বলছে।”

দুর্গাপুর দমকলের সাব-ইন্সপেক্টর রিপন বড়ুয়া জানান, “পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ছিল। জীবনের ঝুঁকি নিয়ে দমকল কর্মীরা জ্বলন্ত গ্যাস সিলিন্ডার বাড়ির ভিতর থেকে বাইরে বের করে আনেন। দ্রুত ও সঠিক পদক্ষেপের ফলেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো যায়।”
দমকল কর্মীদের সাহসিকতা ও তৎপরতার জেরেই এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেল রবীন্দ্রপল্লী এলাকা। এই ঘটনার মাধ্যমে ফের গ্যাস ব্যবহারে সতর্কতা ও নিয়মিত নিরাপত্তা পরীক্ষার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠল। সামান্য অসাবধানতাই যে বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *