গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণে নারীশক্তির অগ্রভাগ,

সংবাদদাতা , দুর্গাপুর:— নারীশক্তির স্বনির্ভরতার বিস্তার ও গ্রামীণ অর্থনীতির ভিতকে সুদৃঢ় করার অভিপ্রায়ে দুর্গাপুর হাটে মহাসারম্বরে শুভ সূচনা হলো সৃষ্টিশ্রী মেলার তৃতীয় বর্ষ। মঙ্গলবার বিকেলে এক মর্যাদাপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয়।মেলা শুরুর প্রাক্কালে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্পের একটি স্টল উদ্বোধন করেন। পাশাপাশি তিনি মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে আয়োজনের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেন।

পরবর্তীতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং আইন, বিচারবিভাগ ও শ্রমমন্ত্রী মলয় ঘটক-এর উজ্জ্বল উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার শুভারম্ভ হয়। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রসঙ্গত উল্লেখ্য, তৃতীয় বর্ষে পদার্পণ করা এই সৃষ্টিশ্রী মেলা চলবে টানা ১০ দিন।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের নিজস্ব হস্তশিল্প, কুটিরশিল্পজাত দ্রব্য ও ঐতিহ্যবাহী খাদ্যপণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। ঢেঁকি ছাঁটা চাল, তুলাই পাঞ্জি চাল, নলেন গুড়, দেশি ঘি ও মধু সহ গ্রামবাংলার নানা স্বাদ ও ঐতিহ্যের সম্ভার মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। আয়োজকদের মতে, এই মেলা একদিকে যেমন গ্রামীণ শিল্পোদ্যোগের প্রসার ঘটাচ্ছে, তেমনই অন্যদিকে নারীশক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।সৃষ্টিশ্রী মেলা কেবল একটি বিপণন ক্ষেত্র নয়, এটি গ্রামীণ সমাজে নারীশক্তির আত্মপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক পুনর্জাগরণের এক জীবন্ত দলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *