বেপরোয়া ৪০৭-এর তাণ্ডব, দুর্গাপুরে গভীর রাতে গুরুতর জখম ৫

সংবাদদাতা, দুর্গাপুর:— গভীর রাতে ফের পথ নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল ইস্পাত নগরীতে। সোমবার রাত সাড়ে এগারটা নাগাদ এ-জোনের সেকেন্ডারি এলাকায় একটি বেপরোয়া ৪০৭ পণ্যবাহী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন পাঁচজন।প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির গাড়িটি প্রথমে একটি টোটোকে সজোরে ধাক্কা মারলে টোটোতে থাকা চার আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এরপর এক সাইকেল আরোহীকেও ধাক্কা মেরে রাস্তা ছেড়ে নেমে যায়। মুহূর্তের মধ্যেই শান্ত এলাকা পরিণত হয় আতঙ্কের কেন্দ্রে।

আহত পাঁচজনকেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গভীর রাতে এমন ভয়াবহ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয়দের অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং কোনওরকম নিয়ম মানেননি। এই ঘটনায় ফের প্রশ্ন চিহ্ন তুলে দেয়, রাতের রাস্তায় পণ্যবাহী গাড়ির বেপরোয়া গতির ওপর প্রশাসনের নজরদারি কোথায় ছিল? মদ্যপ চালকদের রুখতে পুলিশের নিয়মিত চেকিং আদৌ কতটা কার্যকর? একের পর এক দুর্ঘটনার পরেও কি প্রশাসনের দায়িত্ব শুধু ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছানোতেই সীমাবদ্ধ?ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। কিন্তু এতে কি পথ নিরাপত্তা নিয়ে মানুষের আশঙ্কা কাটবে? নাকি আবারও কোনও দুর্ঘটনার পরেই নড়বে প্রশাসন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দুর্গাপুরবাসীর মনে।
পথ নিরাপত্তা নিয়ে প্রশাসনের অবহেলা মারাত্মক রূপ নিচ্ছে। নিয়ম ভাঙা, মদ্যপ চালক এবং প্রশাসনিক শিথিলতার জেরেই সাধারণ মানুষ প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছেন। প্রশ্ন উঠছে, আর কত প্রাণহানির পর টনক নড়বে প্রশাসনের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *