সংবাদদাতা দুর্গাপুর : দুর্গাপুর পশ্চিম বিধানসভার করঙ্গপাড়া এলাকায় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থল পোস্ট অফিস সংলগ্ন এলাকা, যেখানে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।জানা গেছে, দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের দুই কর্মী সূর্যকান্ত পাল ও বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সরকারি দেওয়ালে থাকা রাজনৈতিক প্রচার মুছে দিচ্ছিলেন। অভিযোগ, তৃণমূলের দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শেষ করে তারা গাড়িতে ওঠার সময় হঠাৎই কয়েকজন ব্যক্তি তাদের টেনে নামিয়ে বেধড়ক মারধর করে।

ঘটনার পর আহত কর্মীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা নির্বাচনী বিধি লঙ্ঘনের পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রশ্নে উঠছে নতুন করে উদ্বেগ। ঘটনাটির তীব্র নিন্দা করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই বলেন।

অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত জানান নির্বাচনের আগে এই ধরনের হামলার ঘটনা গণতন্ত্রের স্বাভাবিক পরিবেশ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করে। নির্বাচনী নিয়ম প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি কর্মীরাই আক্রান্ত হন, তবে সাধারণ ভোটারের নিরাপত্তা কতটা সুনিশ্চিত, তা নিয়েই বাড়ছে সংশয়। শান্তিপূর্ণ ভোটের দাবিতে এখন আরও কড়া নজরদারির প্রয়োজন বলে মনে করছেন অনেকেই।
