অনুষ্ঠিত হলো জয় বালাজি গ্রুপের চতুর্থ বর্ষের ম্যারাথন
নিজস্ব সংবাদদাতা :- সকল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে,গত ১১ ই জানুয়ারি রবিবার শীতের সকালে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের গান্ধী মোড় ময়দান থেকে শুরু হয় জয় বালাজি গ্রুপের চতুর্থ বর্ষের ম্যারাথন । বিভিন্ন বিভাগে প্রায় ৫ হাজার দৌড় প্রতিযোগী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। এখানে ছিল ৫ কিমি , ১০ কিমি ২১.১ কিমি হাফ ম্যারাথনের পাশাপাশি ছোটদের জন্য এবং মহিলাদের জন্য শাড়ির রান। এদিনের জয় বালাজি গ্রুপের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ঘিরে ছোট থেকে বড় পুরুষ থেকে মহিলা প্রতিটি প্রতিযোগীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এছাড়াও অনুষ্ঠানে ছিল প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন বিনোদনের আয়োজন।

এদিনের ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয় বালাজি গ্রুপের ডাইরেক্টর গৌরব জাজোদিয়া , সিইও স্পোর্ট নিশান্ত মহেশ্বরী , পশ্চিম বর্ধমান জেলাশাসক পুন্নাবলাম এস , আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী , আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন জানানো হয় , সাধারণ মানুষের মধ্যে একটা স্বাস্থ্য সচেতনতা তৈরি করতেই জয় বালাজি গ্রুপের এই উদ্যোগ। কারণ প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যই হলো বড় সম্পদ। প্রতিবছরের মত চতুর্থ বর্ষের এই ম্যারাথন প্রতিযোগিতায় ব্যাপক সরা মিলেছে।
