জয়দেব মেলায় পুণার্থীদের জন্য বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আই কিউ সিটি হাসপাতালের

সংবাদদাতা,দুর্গাপুরঃ মকর সংক্রান্তি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও বিখ্যাত জয়দেব মেলা শুরু হয়েছে। জেলা হিসেবে এই মেলা বীরভূমে হলেও পশ্চিম বর্ধমান জেলার সীমান্তবর্তী হওয়ায় এই মেলার সঙ্গে বহু বছর ধরেই একটা আত্মিক যোগ রয়েছে দুর্গাপুরের। তাই,প্রতি বছর দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ জয়দেব মেলায় ভীড় করেন। মেলায় আগত পুণ্যার্থীদের সেবার কাজে নিয়োজিত থাকে বিভিন্ন সমাজসেবী সংগঠন ও সংস্থা। এই কাজে যুক্ত থাকে দুর্গাপুরেরও একাধিক সংস্থা। এবার যেমন দেখা গেল মেলায় তিনদিনের একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে দুর্গাপুরের আই কিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। লক্ষ্য হলো মেলায় আগত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা।

১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই শিবির ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। শিবির ঠিকমতো পরিচালনার জন্য এখানে ২০ জনের একটি চিকিৎসা ও অ-চিকিৎসা কর্মী দল মোতায়েন করা হয়েছে। এই দলে রয়েছেন চিকিৎসক,নার্স,প্যারামেডিকেল কর্মী এবং সহায়ক কর্মীরা। তারা পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। শিবিরে রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা,সাধারণ চিকিৎসার পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে বয়স্ক ভক্ত,ক্লান্তি,জলশূন্যতা কিংবা ভিড়জনিত ছোটখাটো শারীরিক সমস্যায় ভোগা মানুষদের প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক সুদর্শনা গাঙ্গুলী বলেছেন, আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ হল এই স্বাস্থ্য শিবির। তিনি জানান, বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম হয়। সেখানে সময়মতো চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। মেলায় আগত বহু মানুষ এই শিবিরে উপস্থিত হয়ে চিকিৎসা পরিষেবা ও তাদের সমস্যাজনিত পরামর্শ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *