শোকের মুহূর্তে স্বস্তির ঠিকানা, অজয়ের তীরে চালু ইলেকট্রিক চুল্লি

সংবাদদাতা , দুর্গাপুর : পাণ্ডবেশ্বরের অজয় নদের ঘাটে দীর্ঘ প্রতীক্ষার অবসান। গত বছরের জানুয়ারি মাসে শিলান্যাসের পর সম্প্রতি সম্পূর্ণ হল ইলেকট্রিক চুল্লি স্থাপনের কাজ। বুধবার আনুষ্ঠানিকভাবে এই আধুনিক শবদাহ ব্যবস্থার উদ্বোধন করলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান,

“এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫ জনের কর্মসংস্থান হবে এবং সাধারণ মানুষের জন্য শবদাহের খরচ রাখা হবে ন্যূনতম।”এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রুইদাস, উখড়া রোটারি ক্লাব-এর প্রেসিডেন্ট অনুজ সরাফ সহ বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, দে গ্রুপ-এর সিএসআর অনুদানে এই ইলেকট্রিক চুল্লি প্রকল্প বাস্তবায়িত করেছে উখড়া রোটারি ক্লাব। মোট ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। প্রকল্পটির পরিচালনভার থাকবে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির হাতে। উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব তুলে দেওয়া হয় সভাপতি রুমা রুইদাসের হাতে।
পাণ্ডবেশ্বরে ইলেকট্রিক চুল্লি চালু হওয়া শুধু একটি পরিকাঠামোগত সংযোজন নয়, এটি মানবিক স্বস্তি, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত। দীর্ঘদিনের অসুবিধা কাটিয়ে আধুনিক ব্যবস্থার সুফল পেতে চলেছে বিস্তীর্ণ এলাকার মানুষ, যা নিঃসন্দেহে উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *