ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক

সংবাদদাতা , দুর্গাপুর : ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের সুপরিকল্পিত ছক ভেস্তে দিল দুর্গাপুর কোক ওভেন থানার পুলিস। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তিনজন মহিলা সহ একজন পুরুষকে বিপুল পরিমাণ গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে মোট ৩১ কেজি ৯২ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতরা হলো উড়িষ্যার বাসিন্দা অনিতা ধুনিয়া , ঝাড়খণ্ডের বাসিন্দা রোস নীলিমা টিগ্গা, সুন্দরী কুমারী ও মুকেশ সিং। তাঁরা ঝাড়খণ্ড থেকে বাসে করে এই বিপুল পরিমাণ গাঁজা দুর্গাপুরে ডেলিভারি দিতে এসেছিল বলে পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান।

পুলিসি তল্লাশিতে ধৃতদের কাছে থাকা ট্রলি ব্যাগ ও অন্যান্য লাগেজ ব্যাগের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে বাজেয়াপ্ত করে পুলিস।পুলিশের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন পাচার নয়, বরং আন্তঃরাজ্য মাদক চক্রের সক্রিয় শাখা দুর্গাপুরে কাজ করছে।বৃহস্পতিবার ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে। কে বা কারা এই পাচারের নেপথ্যে রয়েছে, দুর্গাপুরে কাকে উদ্দেশ্য করে এত বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছিল, তা জানতে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ গাঁজা কি শুধুই একবারের ডেলিভারি?
দুর্গাপুরে কে বা কারা এই নেশা কারবারের মূল সুবিধাভোগী? এর আগেও কি একই পথে গাঁজা ঢুকেছে শিল্পনগরীতে? নাকি বড় কোনও মাদক চক্রের গভীরে ঢুকে পড়েছে দুর্গাপুর?

৩১ কেজির বেশি গাঁজা উদ্ধার স্পষ্ট করে দিচ্ছে, দুর্গাপুর এখন আন্তঃরাজ্য মাদক পাচারকারীদের বড় টার্গেট। নারীদের ব্যবহার করে পাচারের কৌশল পুলিশের নজর এড়াতে পারলেও শেষ রক্ষা হল না।পুলিশের এই সাফল্য যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই নেশা কারবারের শিকড় উপড়ে ফেলতে আরও কঠোর ও ধারাবাহিক অভিযানের দাবি রাখে এদিনের এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *