দুর্গাপুরে ডায়াবেটিস সচেতনতার লক্ষ্যে ম্যারাথন প্রতিযোগিতা

সংবাদদাতা,দুর্গাপুরঃ আগামী ৮ ফেব্রুয়ারি দুর্গাপুরে হতে চলেছে ডায়াবেটিস নিয়ে সচেতনতা এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে দুর্গাপুর ৫ কিমি ম্যারাথন প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতা তৃতীয় বর্ষে পড়ল। প্রতিযোগিতার উদ্যোক্তা হল যৌথভাবে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর, জাংশন মল কর্তৃপক্ষ,মোহনবাগান ফ্যান ক্লাব এবং দুর্গাপুরের অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএমএস গ্রুপ। এনিয়ে বৃহস্পতিবার ডিএসএমএস শিক্ষা প্রতিষ্ঠানে এক সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখানেই এই ম্যারাথন প্রতিযোগিতার টি শার্ট ও মেডেলের উদ্বোধন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন,ইতিমধ্যেই ১০০০ প্রতিযোগী ম্যারাথনে অংশগ্রহনের জন্য তাদের নাম নথিভক্ত করেছে। জানা গেছে,পুরুষ ও মহিলা উভয় বিভাগেই প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ১৫,১০ ও ৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টড,জাংশন মলের সিইও অরিজিৎ চট্টোপাধ্যায়,মোহনবাগান ফ্যান ক্লাবের সম্পাদক সুপ্রিয় গঙ্গোপাধ্যায়, দুর্গাপুর ৫ কে ম্যারাথন দৌড়ের আয়োজক কমিটির চেয়ারম্যান বিপ্লব চট্টোপাধ্যায়,ডিএসএমএস গ্রুপের চেয়ারম্যান অনুপম মুখার্জি,সেক্রেটারী শিউলি মুখার্জি প্রমূখ। প্রসঙ্গত,মারণ রোগ গুলির অন্যতম হল ডায়াবেটিস। বহু মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। দুর্গাপুরেও অনেক মানুষ এই রোগের শিকার। ওষুধের পাশাপাশি বিভিন্ন ব্যায়াম করে শরীরকে সুস্থ্য রাখলে এই রোগ থেকে দূরে থাকা যায়। ডায়াবেটিস বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিতেই এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজক কমিটির তরফে বিপ্লব চট্টোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি সকালে জাংশন মলের সামনে থেকে তৃতীয় বর্ষের এই ৫ কে ম্যারাথন দৌড় শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *