সংবাদদাতা,দুর্গাপুরঃ বিকট শব্দ করে রাস্তায় চলাচল করা বাইকারদের দাপট বেড়ে চলেছে দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে। রাতদিন এক শ্রেণীর যুবক এই ধরনের বাইক নিয়ে বিকট শব্দ করে চোখের পলকে চলে যাচ্ছে। এদের দাপটে আতঙ্কিত রাস্তায় অন্যান্য গাড়ি চালক ও পথচারীরা। এদের জন্য যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে যে কোনো সাধারন দুচাকা চারচাকার গাড়ির চালক। এই সব বাইকগুলিতে সাইলেন্সার এমন ভাবে পাল্টানো থাকে যাতে বিকট আওয়াজে কান ফেটে যায়। এরা পরোয়া করে না পুলিশকে। আইনরক্ষকরাও এদের নিয়ে উদাসীন। ফলে বুক বাজিয়ে দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে এই শব্দবাজ বাইক চালকরা। এবার এই সব বাইককারদের বিরুদ্ধে সক্রিয় হতে দেখা গেল পুলিশকে। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের মুচিপাড়া মোড় এলাকায় বিশেষ অভিযান চালায় আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।

অভিযানে শব্দবাজ বাইক, আগুন ছোড়া এক্সহস্ট ও বেআইনি সাইলেন্সারযুক্ত একাধিক বাইক আটক করা হয় এবং চালকদের জরিমানাও করা হয়। একই সঙ্গেই পুলিশের পক্ষ থেকে এই সব বাইকচালকদের কড়া হুঁশিয়ারী দেওয়া হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর-৩ সন্তোষ ভকত জানিয়েছেন, দুর্গাপুরের বিভিন্ন রাস্তায় শব্দবাজ বাইক চালকদের উপদ্রব বেড়েছে। সাধারন মানুষ ও অন্য গাড়ি চালকরা এদের দাপটে আতঙ্কিত হয়ে পড়ছে। তবে এবার আর এদের ছাড়া হবে না। এই ধরনের অভিযান এখন চলবে বলে জানিয়েছেন তিনি। এবার অনেককে সতর্ক করা হয়েছে তবে আগামী দিনে এক্ষেত্রে ধরা পড়লে সরাসরি কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল করা হবে।
