দুর্গাপুরে তৈরী হচ্ছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল নির্মাণের কাজ

সংবাদদাতা,দুর্গাপুরঃ শিল্পনগরী দুর্গাপুর খেলাধূলার ক্ষেত্রেও সুনাম অর্জন করেছে। বিগত সময়ে বিভিন্ন খেলাধূলায় এই শহরের একাধিক ছেলেমেয়ে জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। সেই সঙ্গে দুর্গাপুরের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের কাজও অব্যাহত। এবার এই শহর পেতে চলেছে আন্তর্জাতিক মানের একটি সুইমিং পুল। গত বছরই সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামের কাছে এই সুইমিং পুল গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

রবিবার সেই কাজের অগ্রগতি পরিদর্শনে যান এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত। তার সঙ্গে ছিলেন
নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, পুর কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ অন্যান্য আধিকারিক। কবি দত্ত জানান,যত দ্রুত সম্ভব সুইমিং পুল নির্মাণের কাজ সম্পন্ন করে তা সাধারন মানুষের জন্য এটি খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য,ভগৎ সিং স্টেডিয়ামকে কেন্দ্র করে এখানে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে এডিডিএ।

সেই কাজ চলছে। এখানে ছোটোদের জন্যও আলাদা একটি সুইমিং পুল গড়ার কাজ চলছে। এছাড়াও এখানে ব্যাডমিন্টন,টেনিস কোর্ট,বক্সিং রিং,ইন্ডোর গেমসের পরিকাঠামোও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত। পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন,বিশ্বমানের পরিকাঠামো গড়ে উঠলে দুর্গাপুর থেকেও আমরা রাজ্য,জাতীয় ও বিশ্বমানের সাঁতারু পেতে পারি। এই পরিকাঠামো দুর্গাপুরের সামগ্রিক খেলাধূলাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *