সংবাদদাতা,দুর্গাপুরঃ কিক বক্সিংয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিক সোনা ও রুপোর পদক জয় করে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার প্রতিযোগীরা। উল্লেখ্য,গত গত ৪ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিক বক্সিং অর্গানাইজেশনস্ তথা ওয়াকো আয়োজিত পঞ্চম ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং কাপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দুর্গাপুরের একাধিক প্রতিযোগী উল্লেখ্যযোগ্য ফলাফল করেছে। একই সঙ্গে দেশের মুখ উজ্জ্বল করেছে তারা। বাংলা থেকে ১২ জন খেলোয়াড় মোট কুড়িটি পদক জয় করেছেন। তার মধ্যে তিনটি স্বর্ণ ও আটটি রৌপ পদক ও সহ মোট ১১টি পদকই আসে পশ্চিম বর্ধমান জেলায়। মাত্র আট বছর বয়সী গুরান্স চাইল্ড ক্যাটাগর পয়েন্ট ফাইভ প্লাস ৩৬ বিভাগে স্বর্ণপদক জিতেছে।

পাশাপাশি সে আরও দুটি ইভেন্টে দুটি রৌপ পদক অর্জন করেছে। বেনাচিতির বাসিন্দা রূপঙ্কর রায় ওল্ডার ক্যাডেট ক্যাটেগরির মাইনাস ৬৯ কেজি বিভাগে পয়েন্ট ফাইভ ও লাইট কন্টাক্ট এ দুটি রৌপ্য পদক অর্জন করেছেন। পাশাপাশি ফর্মস বিভাগে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছেন। মুচিপাড়া আইটিআই এলাকার বাসিন্দা পেশায় অটো চালক ও এলএসএম কিক বক্সিং একাডেমীর প্রশিক্ষক ঈশ্বর মাঝি সিনিয়র পুরুষ ক্যাটাগরিতে দুটি ইভেন্টে দুটি রৌপ্য পদক জয় করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ খানও একটি ইভেন্টে স্বর্ণ ও অন্যটিতে রৌপ্য পদক জিতেছেন। প্রসঙ্গত,এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও প্যালেস্টাইন,উজবেকিস্তান,কাজাখস্থান,ইরাক, আলজেরিয়া সহ মোট ১৬ টি দেশের প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।
