কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড়,

সংবাদদাতা, দুর্গাপুর : ভোটের মুখে শিল্পাঞ্চল জুড়ে নতুন করে চড়ল রাজনৈতিক পারদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টারকে ঘিরে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। পোস্টারে দাবি করা হয়েছে “বাংলায় তৃণমূল জিতলেও দুর্গাপুরের দুটি আসনে হারবে দল।” পাশাপাশি অভিযোগ, টাকার বিনিময়ে কারখানায় কর্মী নিয়োগ এবং শ্রমিক শোষণের ঘটনা ঘটছে শহরে।যদিও ভাইরাল এই পোস্টারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও তা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক । পোস্টারে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি সদস্য মানস অধিকারীকে।অভিযোগের জবাবে মানস অধিকারীর দাবি,

“ভালো কাজ করলে কিছু মানুষ টেনে নামানোর চেষ্টা করে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত নই।”তাঁর মতে, পরিকল্পিতভাবে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে ভোটের আগে।অন্যদিকে বিরোধীরা এই পোস্টারকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে। জেলা বিজেপি নেতৃত্ব ও আইএনটিইউসির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, শ্রমিক স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার ফলেই এমন ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, শিল্পাঞ্চলে কর্মসংস্থানের নামে অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয় এবার তা প্রকাশ্যে এসেছে পোস্টারের মাধ্যমে।বিরোধীদের আরও দাবি, দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের ভেতরে এই পোস্টার লাগানো হয়েছে। যদিও প্রশাসনিকভাবে এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সত্যিই কি কারখানায় নিয়োগে আর্থিক লেনদেন হচ্ছে? শ্রমিক স্বার্থ রক্ষার দাবিদার সংগঠন কি নিজেই বিতর্কে জড়াচ্ছে? নাকি ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই ‘ভাইরাল কৌশল’?
শিল্পাঞ্চলের রাজনীতিতে এমন বিস্ফোরক অভিযোগ নতুন নয়, কিন্তু ভোটের প্রাক্কালে তা যে বড় প্রভাব ফেলতে পারে, তা মানছেন রাজনৈতিক মহলের একাংশ।ভাইরাল পোস্টার সত্য হোক বা রাজনৈতিক চক্রান্ত, ঘটনাটি স্পষ্ট করে দিল, দুর্গাপুরে শ্রমিক রাজনীতি এখন তীব্র সংঘাতের কেন্দ্রে। অভিযোগ-প্রতিআভিযোগের মাঝখানে সাধারণ শ্রমিকই সবচেয়ে বেশি অনিশ্চয়তায়। স্বচ্ছ তদন্ত ও স্পষ্ট জবাব ছাড়া এই বিতর্ক থামবে না বরং ভোট যত এগোবে, ততই বাড়বে উত্তাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *