সংবাদদাতা,দুর্গাপুর: এক মহিলার মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তৎপরতার সঙ্গে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। জানা গেছে, ঋতু ঘোষ নামে বন্ধন ব্যাঙ্কের এক মহিলাকর্মী স্কুটি করে সিটি সেন্টারে তার নিজের ব্রাঞ্চে ফিরছিলেন। পিয়ালা গ্রামের কাছে সার্ভিস রোডে আসতেই তিন যুবক তাকে আটকায়। এরপর তার কাছ থেকে মোবাইলটি কেড়ে নিয়ে ওই তিন যুবক পাশের জঙ্গলে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই মহিলা। এরপর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তিনি বিষয়টি কোক ওভেন থানায় জানান। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু করে দেয় পুলিশ। থানার ওসি বিজয় দলপতি দ্রুত একটি টিম তৈরী করে তাদের ঘটনার তদন্তে পাঠায়।

কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ ওই তিন যুবককে গ্রেফতার করে ফেলে এবং তাদের থেকে মহিলার মোবাইলটিও উদ্ধার করে। পুলিশের এই তৎপরতায় ওই মহিলা ব্যাংক কর্মী অবাক হয়ে বলেছেন, তিনি ভাবতে পারেননি যে একজন সাধারণ মহিলার অভিযোগ পেয়ে পুলিশ এতটা গুরুত্ব দেবে। তিনি জানান,তার মতো অনেক মহিলা কাজের জন্য রাস্তায় বের হয়। তাই তাদের নিরাপত্তার দিকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। পুলিশ যেভাবে এই ঘটনায় দ্রুত দুষ্কৃতিদের ধরে ফেলেছে, তাতে পুলিশের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। কয়েক দিন আগের এই ঘটনায় ধৃতরা হলো রিজু বাউরি(২৮), সমীর বাউরি(২৭)ও বাপ্পা বাউরি(৩০)। তিনজনে্ই পিয়ালা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
