সংবাদদাতা , দুর্গাপুর :খেলার মাঠ কি এতটাই অরক্ষিত যে ক্ষোভের বহিঃপ্রকাশ সরাসরি পিচের উপর গাড়ি তুলে দেওয়ায় গিয়ে ঠেকে? রবিবার দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার চয়ন মাঠে কল্যাণ সংঘ ক্লাবের আয়োজিত তিনদিনের ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ঘটে যাওয়া ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।স্থানীয় সূত্রে খবর, খেলা চলাকালীন সময়ে এক মহিলা গাড়ি নিয়ে পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হন। অভিযোগ, সেই ক্ষোভ থেকেই তিনি গাড়ি চালিয়ে সরাসরি মাঠের ভিতরে ঢুকে পড়েন এবং ক্রিকেট পিচের উপর গাড়ি তুলে দেন। আচমকা এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান খেলোয়াড় ও দর্শকরা। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ম্যাচ।

টুর্নামেন্ট কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে এগোলে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামা দুই মহিলা পুলিশ কর্মীর সঙ্গেও ধস্তাধস্তি হয়। এরপর এসিপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।পরে ওই মহিলাকে এবং কল্যাণ সংঘ ক্লাবের সেক্রেটারিকে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যায় পুলিশ । ঘটনার জেরে দিনের বাকি খেলা স্থগিত রাখতে হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এটি মুহূর্তের রাগ, না কি ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি, সব দিকেই নজর দেওয়া হচ্ছে।একটি ক্রীড়া প্রতিযোগিতা যেখানে সৌহার্দ্য ও প্রতিযোগিতার আবহ থাকার কথা, সেখানে পিচে গাড়ি ঢুকে পড়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। তদন্তে সত্য সামনে এলে তবেই পরিষ্কার হবে, এই বিশৃঙ্খলার আসল দায় কার।
