বেসরকারী সহযোগিতায় দুর্গাপুর রেড ক্রশ পেল অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

সংবাদদাতা,দুর্গাপুরঃ ভারতীয় রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখা দীর্ঘদিন ধরেই সমাজে পিছিয়ে থাকা সাধারন মানুষের পাশে থেকে সেবাকর্ম করে চলেছে। সিটি সেন্টারে এই শাখার নিজস্ব ভবনে বিভিন্ন ধরনের চিকিৎসা ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন মেলা ও উৎসবে ভীড়ের মধ্যে হটাৎ অসুস্থ হয়ে পড়া সাধারন মানুষের প্রাথমিক চিকিৎসার লক্ষ্যে নিজেদের একটি ক্যাম্প করা হয়। বিভিন্ন গ্রামে গিয়েও স্বাস্থ্য পরীক্ষা শিবির করে রেড করে রেড ক্রশ। কিন্তু এতোদিন তাদের নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স ছিল না। অবশেষে তাদের সেই চাহিদাও পূরণ হল। এনটিপিসিএল নামে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের তরফে ৩৩ লক্ষ ৩১ হাজার টাকা মূল্যের একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হল ভারতীয় রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখাকে।

৫ মার্চ সিটি সেন্টারে এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস,পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম প্রমুখ। অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জরুরি স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মহকুমা শাসক জানান। অ্যাম্বুলেন্সটিতে উন্নত মানের জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম সংযোজিত রয়েছে,যার মাধ্যমে গুরুতর অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত রোগীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি রোগীদের দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন, একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। এর ফলে দুর্গাপুর ও সংলগ্ন এলাকার বহু মুমূর্ষু রোগী দ্রুত চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *