সংবাদদাতা , দুর্গাপুর : ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই শিল্পনগরী দুর্গাপুরে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল। নির্বাচনের আগে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই শনিবার দুর্গাপুরে রুট মার্চ ও এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে দুর্গাপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রুট মার্চ করেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সংলগ্ন মেন গেট এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি জায়গায় টহল দেন তারা। রুট মার্চ চলাকালীন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন জওয়ানরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি করাই এই রুট মার্চের মূল উদ্দেশ্য। অতীতের বিভিন্ন নির্বাচনে রাজ্যের কিছু এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও অশান্তির অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবারের বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এলাকায় নিরাপত্তা বোধ বাড়িয়েছে। অনেকেই মনে করছেন, বাহিনীর টহল ও নজরদারির ফলে নির্বাচনের সময় সম্ভাব্য অশান্তি অনেকটাই কমবে।রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে রুট মার্চের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে শান্তি ও নিরাপত্তার বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই দুর্গাপুরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের যৌথ টহল ও রুট মার্চ অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এতে ভোটের আগে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত হাতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
