সংবাদদাতা,উখড়াঃ দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। এলাকায় বেশ কিছু খ্রিষ্টান সম্প্রদায়ের পরিবার থাকলেও কাছাকাছি কোনো স্থায়ী সমাধিস্থল না থাকায় সমস্যার মধ্যে পড়েন এই সম্প্রদায়ের মানুষদের। তাদের দাবি ছিল তাদের এলাকায় একটি স্থায়ী সমাধিস্থল তৈরী করে দেওয়া হোক। পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী এক্ষেত্রে উদ্যোগ নিলেও জমির সমস্যা ছিল।

অবশেষে সেই জমি দান করতে এগিয়ে আসেন ‘দ্য উখরা ফার্মিং কর্পোরেশন লিমিটেড’-এর ডিরেক্টর শোভন কুমার লাল সিং। তাঁর পক্ষ থেকে প্রায় সাড়ে তিন বিঘা জমি সমাধিস্থলের জন্য দান করা হয়। শনিবার সেই কাজের সূচনা করা হয়। ইসিএলের ঝাঁজরা গ্রাম সংলগ্ন এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এই প্রকল্পের শিলান্যাস ও জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। নরেন চক্রবর্তী জানান, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁজরা ও পার্শ্ববর্তী এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জন্য কোনো স্থায়ী সমাধিস্থল ছিল না। অবশেষে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। সমাধিস্থলটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বভার দেওয়া হয়েছে ‘অ্যাসেম্বলি অফ গড চার্চ’-কর্তৃপক্ষের হাতে।
