সংবাদদাতা , দুর্গাপুর: গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল দুর্গাপুর-ফরিদপুর ব্লকে। ইছাপুর গ্রাম পঞ্চায়েতের পাটশাওড়া গ্রামের বনশোল মোড় থেকে পাটশাওড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ নতুন ঢালাই রাস্তা নির্মাণের শিলান্যাস করা হল। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প-এর আওতায় এই রাস্তা তৈরিতে বরাদ্দ হবে ৬৩ লক্ষ টাকা।সোমবার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে এই রাস্তার শিলান্যাস করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ পঞ্চায়েত ও প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা।

দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ কাঁচা রাস্তার কারণে নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বর্ষাকালে কাদা ও জল জমে চলাচল কার্যত বন্ধ হয়ে যেত, সমস্যায় পড়তেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ ও কৃষকেরা। নতুন পাকা ঢালাই রাস্তা নির্মিত হলে পাটশাওড়া-সহ আশপাশের একাধিক গ্রামের মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই আর্থসামাজিক উন্নয়নেও গতি আসবে বলে আশা করা হচ্ছে।পাটশাওড়ায় নতুন ঢালাই রাস্তা নির্মাণ শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং দীর্ঘদিনের অবহেলিত গ্রামীণ এলাকার মানুষের স্বস্তির বার্তা। ৬৩ লক্ষ টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকাজেও ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন স্থানীয়রা।
