সংবাদদাতা দুর্গাপুর :আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নিল বিজেপি। দলীয়ভাবে ১৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। প্রকাশিত তালিকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে লক্ষণ ঘড়ুইকে।দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনী লড়াইয়ে নামতেই এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।

দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের একাধিক এলাকায় দলীয় কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি বাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় বিজেপি সমর্থকদের। বিভিন্ন জায়গায় প্রার্থীদের সমর্থনে স্লোগানও তোলেন কর্মী-সমর্থকেরা।বিজেপি নেতৃত্বের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে এই দুই প্রার্থীকে সামনে রেখে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম উভয় কেন্দ্রেই জোরদার লড়াই দেবে দল। প্রার্থীদের জয়ের লক্ষ্যে আগামী দিনে আরও জোরকদমে প্রচার চালানো হবে বলেও জানিয়েছেন দলীয় নেতারা।সব মিলিয়ে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দুর্গাপুরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচনের ময়দানে এই উদ্দীপনা কতটা ভোটে পরিণত করতে পারে বিজেপি।
